Child abuse and our social customs

সবচেয়ে গুরুতর সমস্যাটি হচ্ছে 'অধিকারের'। সম্পদ, পৈত্রিক প্রভাব অথবা রাজনৈতিক ক্ষমতার কারণে (শেষেরটি অন্যগুলোর তুলনায় বেশি কার্যকর) কিছু মানুষ মনে করেন, তাদের যা ইচ্ছা তাই করার অধিকার আছে। যেমন: অন্যদের অপমান করা, ছোট করা এবং প্রকাশ্যে বিষোদগার করা। বিষয়টা এমন— যত বেশি কুৎসিত আচরণ করবে, ততই যেন বলিষ্ঠ হয় তাদের পেশিশক্তির প্রদর্শন। আমরা দরিদ্র শিশুদের সঙ্গে যে আচরণ করি, তা এ ধরনের বৈষম্যের কুৎসিত চেহারাকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি বেদনাদায়কভাবে ফুটিয়ে তোলে।

গত ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্থানীয় পৌরসভা মেয়রের বিরুদ্ধে ৭ ও ১১ বছর বয়সী ২ শিশুকে নির্যাতন, মারধর ও হাত বেঁধে ২ কিলোমিটার পথ হাঁটানোর অভিযোগ উঠেছে। মেয়রের দাবি, ওই ২ শিশু একটি পরিত্যক্ত কারখানা থেকে কিছু পুরনো যন্ত্রপাতির জং ধরা নাট-বল্টু 'চুরির চেষ্টা করছিল'। অন্যত্র সরিয়ে নেওয়ার অপেক্ষায় বেশ কিছুদিন ধরেই কারখানাটি উন্মুক্ত পড়ে আছে। ওই ২ শিশু সেখানে খেলতে গিয়ে কয়েকটি নাট-বল্টু হাতে তুলে নেয়। তারা হয়তো সেগুলো নিয়ে খেলতে চেয়েছিল। মেয়র দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে রেগে যান এবং ওই শিশুদের মারধর ও নির্যাতন করেন।

source: https://bangla.thedailystar.net/opinion/views/news-449546