দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি। ২০২৩ সালে দেশজুড়ে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৫৭৩ নারী। এ সময়ে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন আরও ৫০৭ নারী। রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বছরজুড়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানান আসকের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন আসকের চেয়ারপারসন জেড আই খান পান্না, সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির, সমন্বয়ক তামান্না হক রীতি প্রমুখ।
আসক জানায়, গত ৩৬৫ দিনে পারিবারিক নির্যাতনে ২৯২ জনের মৃত্যু হয়েছে এবং আত্মহত্যা করেছেন ১৪২ জন। ২০২২ সালে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছিলেন ৪৭৯ নারী। এ বছর তা আরও বেড়েছে। এ ছাড়া ২০২৩ সালে যৌতুকের জন্য নির্যাতনের শিকার ১৪২ নারীর মধ্যে ৬৪ জন হত্যার শিকার এবং ছয়জন আত্মহত্যা করেছেন। নির্যাতনের শিকার নারী গৃহকর্মীর সংখ্যা ৩২ জন। আর এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন ১০ নারী।