কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের নূরানী মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদ্রাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই ছাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষকের নাম জয়নাল আবেদিন (৩৫)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় লোকজন ও শিশুর পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে পড়া শেষ করে ছাত্রীটি বাড়িতে আসে। পরে বেলা একটায় ওই ছাত্রী মাদ্রাসায় নূরানী কায়দা পড়তে যায়। বেলা দুইটায় মাদ্রাসা ছুটি হয়। তখন ছাত্রীকে বালতিতে পানি ভর্তি করতে বলেন জয়নাল আবেদিন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে ছাত্রীর হাতে ১০ টাকার একটি নোট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন তিনি।
ছাত্রীর মা বলেন, তাঁর মেয়ে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তার কাছে ঘটনা শুনে আশপাশের লোকজন জয়নালের বাড়ি ঘেরাও করেন। কিন্তু কয়েকজন প্রভাবশালী জয়নালকে কৌশলে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন।