পহেলা বৈশাখের বিকেল। গ্রামীণ পথে সেমাই খেতে রঙিন জামা পরে দাদির বাড়ির দিকে পা বাড়িয়েছিল মাদ্রাসা পড়ুয়া ছোট্ট মেয়েটি। বাবার দেশ, দাদির বাড়ি—এই দুইয়ের টানেই সে প্রায়ই যেত পাশের গ্রামে। দাদির কোলে গল্প, সন্ধ্যার আলোয় খেলা, আর ঘরের এক কোনে ঘুমিয়ে পড়া—এসবই ছিল তার আপন পৃথিবী। সেদিনও ঠিক তেমনভাবেই গিয়েছিল সে। কিন্তু এবারের যাওয়াই ছিল শেষ যাওয়া, ফিরে আসেনি আর।
পরদিন সকালে মা যখন মেয়েকে আনতে গেলেন, দাদি জানালেন সে আগেই চলে গেছে। অথচ মেয়েটি আর কখনো ফিরেনি নিজের ঘরে। শুরু হলো আতঙ্ক আর উৎকণ্ঠার তীব্র সন্ধান। একসময় গ্রামের ভুট্টা খেতের মাঝে পাওয়া গেল তার নিথর দেহ। মুখ ঝলসানো, শরীর নিস্তেজ—প্রকৃতির সব সৌন্দর্য যেন মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে মেয়েটি সেমাইয়ের স্বপ্নে বিভোর ছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়ে নরপশুরা নির্মমভাবে ছিনিয়ে নিল তার জীবন।
https://thedailycampus.com/crime-and-discipline/179768