নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছেন মাদ্রাসা অধ্যক্ষ। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে তাকে আটক করে র্যাব ১১। গ্রেফতারকৃত অধ্যক্ষের নাম মাওলানা মো. আল আমিন।
২০ এর অধিক ছাত্রীকে ধর্ষণের ঘটনার ভিডিও ও তথ্য সমৃদ্ধ সংবাদ র্যাব ১১ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে এক শিশু শিক্ষার্থী তা দেখে তার অভিভাবকের কাছে মাদ্রাসা শিক্ষকের এমন ঘটনার কথা জানায়।
এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল কাজী শামসের উদ্দিন জানান, কিছুদিন আগে ঘটে যাওয়া স্কুল শিক্ষকের ধর্ষণের ঘটনাটি নিয়ে প্রচারিত বিভিন্ন নিউজ ও ভিডিও আমরা আমাদের ফেসবুক পেইজে আপলোড করেছিলাম। এই নিউজ দেখে স্থানীয় একজন মহিলা যখন ফেসবুকে দেখছিলেন, তখন তার তৃতীয় শ্রেণী পড়–য়া মেয়ে এটি দেখে তার মাকে জিজ্ঞাসা করে যে, স্কুলের ওই শিক্ষকের শাস্তি হলে আমাদের হুজুরের কেন শাস্তি হবে না? আমাদের হুজুরও তো আমাদের সাথে এমন করে। পরে শিশুটি তার মাকে বিস্তারিত জানালে শিশুটির মা র্যাব অফিসে এসে আমাদের কাছে অভিযোগ করেন যে, ওই মাদ্রাসার অধ্যক্ষ একাধিক ছাত্রীকে তার বাসায় পড়তে গেলে বিভিন্ন সময় ধর্ষণ ও যৌন নির্যাতন করেছে।